‘দেহের সঙ্গে রুহের যেমন সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তেমনি নজরুলের’

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ 

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০২:১৬ পিএম


‘দেহের সঙ্গে রুহের যেমন সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তেমনি নজরুলের’
নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। ছবি: আরটিভি

দেহের সঙ্গে রুহের যেমন সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তেমনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পর্ক বলে মন্তব্য করেছেন কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ আয়োজিত একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল হাই শিকদার বলেন, কবি নজরুলকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা গবেষণা হলেও তার জীবন নিয়ে অনেক ভুল তথ্য ও গল্প প্রচলিত রয়েছে। তিনি বলেন, নজরুল কখনো রুটির দোকানে বেলনা দিয়ে রুটি বানাননি। প্রকৃতপক্ষে তিনি একটি বেকারিতে পাউরুটি তৈরির কাজ করতেন।

তিনি আরও বলেন, কবি নজরুলের সম্মোহনী ক্ষমতা ছিল অসাধারণ। গান, কবিতা, খেলাধুলাসহ নানা ক্ষেত্রে তিনি সমান দক্ষ ছিলেন। দারোগা রফিজউল্লাহই এই প্রতিভাবান কবিকে ত্রিশালের মাটিতে নিয়ে এসেছিলেন। তাই তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ে রফিজউল্লাহ দারোগার নামে কোনো স্থাপনা বা অবকাঠামোর নামকরণ করা উচিত বলে মত দেন তিনি।

আরও পড়ুন

নজরুলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুধের সঙ্গে সাদার যেমন সম্পর্ক, দেহের সঙ্গে রুহের যেমন সম্পর্ক, ঠিক তেমনি বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্ক। নজরুলের প্রতিটি শব্দ যেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে একেকটি যুদ্ধের ঘোষণা। স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে তাঁর মতো উচ্চারণ আর কোনো কবির লেখায় দেখা যায় না।

তিনি বলেন, নজরুলের অবিসংবাদিত অবদানের কারণেই তিনি বাংলাদেশের জাতীয় কবি। তিনি আমাদের আলোকবর্তিকা। একই সঙ্গে বহু বিষয়ে কাজ করার অসাধারণ সক্ষমতা ছিল তাঁর। নজরুলচর্চা আরও বিস্তৃত হলে অসাম্প্রদায়িক, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মোট ৩৮টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়।

গবেষণা প্রকল্পের মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক অধ্যাপক ড. রশিদুন নবী এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও নজরুল গবেষক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission